সৌদি প্রো লিগের দলবদলের খরচ নিয়ে চলছে বিতর্ক। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ না করে প্রতিদ্বন্দ্বী আল হিলালকে সুবিধা দিচ্ছে। এমন অভিযোগ করে সোমবার লিগের ম্যাচটি বয়কট করেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে এই ইস্যুতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে সতর্ক করেছে সৌদি প্রো লিগ। কর্তৃপক্ষ প্রো লিগের পক্ষ থেকে রোনালদোকে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি যত বড় ব্যক্তিই হন না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নিতে পারেন না।
শীতকালীন দলবদলে আল নাসরে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ না করার কারণেই মূলত পিআইএফের ওপর ক্ষুব্ধ হন রোনালদো। এ দিকে প্রতিদ্বন্দ্বী দল আল হিলাল রিয়াল মাদ্রিদের সাবেক তারকা করিম বেনজেমাকে দলে ভেড়ানোয় সিআরসেভেনের অসন্তোষ আরও বেড়েছে। আল হিলালের ৭৫ শতাংশ মালিকানাও পিআইএফের।
এক বিবৃতিতে সৌদি প্রো লিগের এক মুখপাত্র বলেন, ‘সৌদি প্রো লিগের কাঠামো খুবই স্পষ্ট। প্রতিটি ক্লাব একই নিয়মের আওতায় স্বাধীনভাবে পরিচালিত হয়। প্রতিটি ক্লাবের নিজস্ব বোর্ড, নির্বাহী ও ফুটবল ব্যবস্থাপনা রয়েছে। খেলোয়াড় কেনা, ব্যয় ও কৌশল নির্ধারণের সিদ্ধান্ত ক্লাবই নেয়, নির্ধারিত আর্থিক কাঠামোর মধ্য থেকে।’
ওই মুখপাত্র আরও বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং ক্লাবের বিকাশ ও উচ্চাকাঙ্ক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন শীর্ষ প্রতিযোগীর মতো তিনিও জিততে চান। তবে কোনো ব্যক্তি—তিনি যত বড় তারকাই হন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নিতে পারেন না।’
লিগে প্রতিদ্বন্দ্বিতার কথাও তুলে ধরেন সৌদি প্রো লিগের এই মুখপাত্র, ‘শীর্ষ চার দলের মধ্যে পয়েন্ট ব্যবধান খুবই কম। শিরোপা লড়াই এখনো জমে আছে। এই ভারসাম্যই প্রমাণ করে, ব্যবস্থাটি কার্যকরভাবে চলছে। আমাদের মনোযোগ ফুটবলেই—মাঠে, যেখানে এর জায়গা। খেলোয়াড় ও সমর্থকদের জন্য একটি বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক লিগ গড়ে তোলাই লক্ষ্য।’
