শাহাদাৎ হোসেন সরকার আশুলিয়া (ঢাকা) : সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনার হার কমাতে ‘নিরাপদ সড়ক চাই’র আশুলিয়া থানা কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে আশুলিয়ার বাইপাইল ও মৌসুমি মার্কেট বটতলা এলাকায় এ কর্মসূচি চলে।
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা ও সেনাবাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁরা পথচারী, যানচালক ও স্থানীয় ব্যবসায়ীদের হাতে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট তুলে দেন। লিফলেটে ট্রাফিক আইন মেনে চলা, লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, মোটরসাইকেলে হেলমেট ব্যবহার ও ফুটপাতে না হাঁটার মতো গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।
সহকারী কমিশনার (ভূমি) তার বক্তব্যে বলেন, “সড়ক দুর্ঘটনার অধিকাংশ ঘটনাই এড়ানো সম্ভব, যদি সবাই শৃঙ্খলায় থাকেন। জনসচেতনতা ছাড়া আইন প্রয়োগ যথেষ্ট নয়।” সেনাবাহিনীর কর্মকর্তারা সড়ক নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে সর্বস্তরের মানুষকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ‘নিরাপদ সড়ক চাই’র নেতারা জানান, লিফলেট বিতরণের পাশাপাশি শিগগিরই স্কুল ও মসজিদে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে।
