মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চিকিৎসা সামগ্রীর সংকট মোকাবিলায় ৫ কোটি মেডিকেল গ্লাভস ছাড়ার ঘোষণা দিয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, মে মাস থেকে সরকারি মজুত থেকে এসব গ্লাভস স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে।
দেশটির কাছে প্রায় ৫০ কোটি গ্লাভসের মজুত রয়েছে। সেখান থেকেই জরুরি ভিত্তিতে এই সরবরাহ দেওয়া হবে। যুদ্ধের কারণে ন্যাফথা সংকট দেখা দিয়েছে। এটি প্লাস্টিক, রাসায়নিক তন্তু ও রাবার তৈরিতে ব্যবহৃত হয়। ফলে গ্লাভসসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর উৎপাদন ব্যাহত হচ্ছে।
হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। যুদ্ধের আগে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস এই পথেই যেত।
সম্পদস্বল্প জাপান মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল। তাই সরকার অর্থনীতির চাপ কমাতে তেলের মজুত ব্যবহার শুরু করেছে।
সাম্প্রতিক সময়ে চিকিৎসকেরা গ্লাভসসহ বিভিন্ন সরঞ্জামের ঘাটতির কথা জানিয়েছেন। এতে রোগী সেবার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ১০০০ কোটি ডলার সহায়তার ঘোষণাও দিয়েছে টোকিও। জাপান সরকার বলছে, এ উদ্যোগে জ্বালানি সরবরাহ চেইন শক্তিশালী হবে এবং প্রয়োজনীয় পণ্য সংগ্রহ সহজ হবে।
