রূপের যত্ন গোলাপজলের গুণের কথা কে না জানে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ত্বকের যত্নে ভরসার নাম এই প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপায়ে নিজের যত্ন নিতে চাইলে গোলাপজল হতে পারে সহজ, সাশ্রয়ী এবং বহুমুখী একটি সমাধান। তবে অনেকেই মনে করেন, গোলাপজলের ব্যবহার শুধু টোনার হিসেবেই সীমাবদ্ধ। অথচ এই একটি উপাদানই ত্বক, চুল ও মানসিক প্রশান্তির জন্য হতে পারে দারুণ উপকারী।
গরমে ক্লান্ত ত্বককে ঠান্ডা রাখা, শুষ্কতা কমানো কিংবা চুলে সতেজতা ফিরিয়ে আনতে গোলাপজল বেশ কার্যকর। এতে থাকা প্রাকৃতিক উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং দেয় সতেজ অনুভূতি। শুধু রূপচর্চাই নয়, দৈনন্দিন নানা কাজেও গোলাপজল হতে পারে সহজ ও প্রাকৃতিক এক সঙ্গী।
কী কী ভাবে ব্যবহার করা যেতে পারে গোলাপ জল
ত্বকের ক্লান্তি দূর
প্রচণ্ড রোদে বাইরে বের হলে ত্বক দ্রুত নিস্তেজ ও ক্লান্ত হয়ে পড়ে। এমন সময়ে ছোট স্প্রে বোতলে গোলাপজল ভরে মুখে ছিটিয়ে নিলে মিলতে পারে তাৎক্ষণিক স্বস্তি। এটি ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে, শুষ্কতা কমায় এবং মুখে এনে দেয় সতেজ আভা।
ন্যাচারাল মেকআপ
দীর্ঘ সময় মেকআপ থাকলে অনেক সময় মুখ শুষ্ক ও কৃত্রিম দেখাতে পারে। তখন হালকা গোলাপজল স্প্রে করলে মেকআপ আরও নরম ও স্বাভাবিক লাগে। ত্বকে আসে হালকা শিশিরভেজা উজ্জ্বলতা। এ কারণেই অনেকেই মেকআপ সেটিং স্প্রে হিসেবেও গোলাপজল ব্যবহার করেন।
চুলের যত্নেও কার্যকর
চুল রুক্ষ বা প্রাণহীন হয়ে গেলে গোলাপজল কিছুটা আরাম দিতে পারে। এটি মাথার ত্বককে শান্ত রাখতে সাহায্য করে এবং চুলকে কোমল অনুভব করায়। কেউ শ্যাম্পুর আগে স্ক্যাল্পে গোলাপজল ব্যবহার করেন, আবার কেউ শ্যাম্পুর পরে হালকা সিরামের মতো ব্যবহার করেন।
ঘুমের আগে প্রশান্তির স্পর্শ
অনেকেই ঘুমানোর আগে বালিশে সামান্য গোলাপজল স্প্রে করেন। গোলাপের মৃদু সুগন্ধ মনকে শান্ত করতে সাহায্য করে বলে মনে করা হয়। সারাদিনের ক্লান্তির পর এই ছোট্ট অভ্যাস ঘুমের পরিবেশকে আরও আরামদায়ক করে তুলতে পারে। বাজারের কৃত্রিম রুম ফ্রেশনারের বদলে প্রাকৃতিক বিকল্প হিসেবেও গোলাপজল ব্যবহার করা যায়।
খাবারেও বাড়ায় সুগন্ধ
গোলাপজল শুধু রূপচর্চাতেই নয়, খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়াতেও ব্যবহৃত হয়। শরবত, ফিরনি, পায়েস কিংবা বিভিন্ন মিষ্টিতে কয়েক ফোঁটা গোলাপজল আলাদা সুগন্ধ এনে দেয়। তবে খাবারে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই খাওয়ার উপযোগী ও বিশুদ্ধ গোলাপজল বেছে নেওয়া জরুরি।
ব্যবহারে সচেতনা
বিশেষজ্ঞদের মতে, সব ধরনের ত্বকে গোলাপজল সমানভাবে মানিয়ে নাও নিতে পারে। তাই নতুন কোনো পণ্য ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। এছাড়া কৃত্রিম সুগন্ধি বা অতিরিক্ত রাসায়নিক মেশানো পণ্য এড়িয়ে চলার পরামর্শও দেন।
