নাসিম রুমি: ঈদুল আজহার সিনেমাপাড়া এখন উৎসবমুখর পরিবেশে ভরপুর। সিনেমা মুক্তির পর দর্শক সাড়া এবং প্রেক্ষাগৃহে তারকাদের উপস্থিতি এই আনন্দকে আরও বাড়িয়ে দিচ্ছে। নিজের সিনেমা ‘মালিক’ এর প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমা হলে গিয়ে দর্শকের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তিনি।
প্রচারণার ফাঁকে ক্যারিয়ার, সিনেমার জয়-পরাজয় ও বক্স অফিস সমীকরণ নিয়ে নিজের গভীর উপলব্ধি প্রকাশ করেন আরিফিন শুভ। তিনি জানান, অনেক জায়গায় কাজ করে নিজেকে প্রমাণ করেছেন, আর প্রমাণ দেওয়ার মত কিছু আছে বলে মনে করেন না তিনি।
শুভ বলেন, “২০০৪ সালে প্রথম ফ্যাশন শো শুরু করি। উচ্চতা ভালো ছিল বলে ছোটবেলা থেকে ফ্যাশন শোতে কাজ করতে পারতাম। এরপর মডেলিং, রেডিও, টেলিভিশন, সিনেমা, ওটিটি— সবখানে কাজ করেছি। ফলটাও ভালো পেয়েছি। নিজেকে প্রমাণ দেওয়ার মত কিছু আছে বলে আমি মনে করি না। কারণ, ‘ছুঁয়ে দিলে মন’-এর মত রোমান্টিক সিনেমা করতে পেরেছি, ‘ঢাকা অ্যাটাক’ এর মত অ্যাকশন আবার ‘মিশন এক্সট্রিম’ এর মত সিক্সপ্যাক’ সিনেমার সফলভাবে কাজ করেছি। অন্যদিকে ‘জ্যাজ সিটি’ সিরিজ এর মত ভিন্ন ভাষার কনটেন্টেও কাজ করতে পেরেছি। আমি কি পারি সেটা ইন্ডাস্ট্রি জানে। এখন ইন্ডাস্ট্রি যদি আমার কাছে না আসে, আমি ইন্ডাস্ট্রির কাছে যেতে পারবো না।” আমার ধারনা আমার কাছে আসবে৷ কারন আমি ‘মালিক’ ছবিতে প্রমান দিযেছি। নির্মাতারা না আসলে আমার কিছু করার নেই।
সিনেমার জয়-পরাজয় ও বক্স অফিস সমীকরণ নিয়ে আরিফিন শুভ বলেন, “কাঞ্চন সাহেবের মুখ থেকেই শোনা, ‘বেদের মেয়ে জোছনা’র শুটিংয়ের সময় অনেকেই নাকি তাঁকে ফোন করে বলেছিলেন—গাজীপুরে গিয়ে সাপের খেলা দেখাচ্ছেন, পাগল হয়ে গেছেন নাকি? কিন্তু মুক্তির পর সেই ছবি যা ইতিহাস তৈরি করল, তা তো সবারই জানা।”
নিজের অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে শুভ জানান, সিনেমা নিয়ে আগে থেকে কোনো ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়।
তিনি বলেন, “অনেক আশা নিয়ে কাজ করেছি, এমন ছবি হয়তো অতটা দর্শকনন্দিত হয়নি। আবার অনেক টেনশন করেছি যে ছবি নিয়ে, সেটাই দেখা গেছে দর্শকনন্দিত হয়ে গেছে। আপনি যতই বিপণন বা প্রচারণা করুন না কেন, সিনেমা আসলে অনিশ্চিত। সিনেমা দেখার পর ভালো লাগা বা না লাগার শেষ সিদ্ধান্তটা কেবল দর্শকই ঠিক করতে পারেন।”
অনেক কষ্ট ও পরিশ্রমের পর সিনেমাটি দর্শকের সামনে আনতে পেরেছেন জানিয়ে এই নায়ক বলেন, সমস্ত সমীকরণ পেরিয়ে এখন কেবলই একটাই চাওয়া—ছবিটি যেন দর্শকদের মন ছুঁয়ে যাক।
