সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু হামে মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাকি দুই শিশু হামের উপসর্গ ছিল। এর ফলে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট এক মাসে হাম ও হামের উপসের্গে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩২ ও হাম সন্দেহে ১৬৬ শিশুর।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জনের। এর মধ্যে একই সময় হামের উপসর্গ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু, আর হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের।
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুই ঢাকা বিভাগের। এই সময়ে সর্বোচ্চ ৬১ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ১২ জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। আর তিনজন হাম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩২ জনের মধ্যে। এর মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ জন, যার মধ্যে ৩১৫ জন ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে সিলেট (৩০) ও ময়মনসিংহ (১) বিভাগে।
হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৪৬৮ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০৫ জন এবং খুলনা বিভাগে ৯৪ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩২টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৬ শিশুর।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে আসা ১৯ হাজার ১৬১ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩১৮ জন। তাদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৯ হাজার ৭৭২ জন।
