ময়মনসিংহের ভালুকায় একটি বাসা থেকে এক নারী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), তার মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।
ঘটনার পর থেকে ওই বাসার পাশের কক্ষে বসবাসকারী রফিকুলের ভাই নজরুল পলাতক রয়েছেন।
বাড়ির মালিক হাইয়ুম জানান, রফিকুল ইসলাম প্রায় দেড় মাস আগে ওই বাসায় উঠেন। ঘটনার সময় তিনি পৌরসভায় কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘরের ভেতর বিছানার ওপর মাসহ দুই সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখেন।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। কী ঘটেছিল, সেটা উদঘাটনে কাজ চলছে।
