নেদারল্যান্ডসের অ্যাটাকিং মিডফিল্ডার জাভি সিমন্স গুরুতর হাঁটুর চোটে পড়ে চলতি মৌসুমের বাকি অংশ এবং আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। অবনমন ঝুঁকিতে থাকা ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলতে গিয়ে শনিবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে তিনি গুরুতর চোট পান। মাঠ থেকে তাকে স্ট্রেচারে করে বের করে নিয়ে যেতে হয়।
২৩ বছর বয়সী এই ফুটবলার প্রতিপক্ষের ডিফেন্ডার হুগো বুয়েনোর সঙ্গে সংঘর্ষের পর মাটিতে পড়ে যান। প্রথমে উঠে দাঁড়ালেও কিছুক্ষণ পর আবার লুটিয়ে পড়েন।
ক্লাব সূত্রে জানানো হয়েছে, তার ডান হাঁটুর অগ্র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার অস্ত্রোপচার করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিমন্স লিখেছেন, ‘জীবন কখনো কখনো নির্মম হতে পারে, আজ আমি সেটাই অনুভব করছি। আমার মৌসুম হঠাৎ করেই শেষ হয়ে গেল, বিষয়টি এখনও বোঝার চেষ্টা করছি। সত্যি বলতে, আমি ভেঙে পড়েছি। কিছুই যেন ঠিক মনে হচ্ছে না।’
সাধারণত এই ধরনের লিগামেন্ট ছিঁড়ে গেলে একজন খেলোয়াড়ের সুস্থ হতে ছয় থেকে নয় মাস সময় লাগে।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিশ্চিত করছি যে জাভি সিমন্সের ডান হাঁটুর অগ্র ক্রুশিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার অস্ত্রোপচার হবে, এরপর আমাদের চিকিৎসক দলের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’
