English

28 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

এখন আর সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটতে চাই না: টয়া

- Advertisements -

২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। সাম্প্রতিক সময়ে অভিনয়ে অনিয়মিত হলেও ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

প্রায় দুই বছর পর ফেরদৌস হাসান পরিচালিত ‘গোলাপ আর কাঁটা’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারও পর্দায় ফিরছেন টয়া। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণে অংশ নেন তিনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন রাশেদ জামান শাওন।

নাটকের গল্পে স্বামী-স্ত্রীর মিষ্টি-মধুর সম্পর্ক, মান-অভিমান এবং দুই প্রজন্মের দৃষ্টিভঙ্গির টানাপোড়েন তুলে ধরা হয়েছে। টয়া-শাওন ছাড়াও এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, অনুভব মাহবুবসহ আরও অনেকে।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে টয়া বলেন, ‘বেশ কিছুদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভালো লাগছে। গত বছর একটি নাটকের আইটেম গানে নাচলেও অভিনয় করা হয়নি। প্রায় দুই বছর পর পূর্ণাঙ্গ নাটকে কাজ করলাম। গল্পটি অসাধারণ। ফেরদৌস হাসান একজন অভিজ্ঞ নির্মাতা, সহশিল্পীরাও দারুণ গুণী। অনেক দিন পর এমন একটি টিমের সঙ্গে কাজের সুযোগ পেলাম। কাজ করতে করতে কখন সময় কেটে গেছে বুঝতেই পারিনি। এটি ঈদের নাটক। আপাতত ঈদের জন্য একটি নাটকেই অভিনয় করার ইচ্ছা আছে।’

অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘একঘেয়েমি এসে গিয়েছিল। মনে হয়েছিল কিছুটা বিরতি দরকার। পরিবারকেও সময় দিয়েছি। একই ধরনের চরিত্রে কাজ করতে ভালো লাগছিল না। সংখ্যার চেয়ে কাজের মান আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই এখন আর সস্তা জনপ্রিয়তার পেছনে ছুটতে চাই না। চাই দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করুক।’

ঈদে নাটকে তাঁকে সীমিতভাবে দেখা গেলেও কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন তিনি। ইউটিউবেও সরব থাকবেন টয়া। নিজের ইউটিউব চ্যানেল নিয়ে নতুন পরিকল্পনা করছেন তিনি। নাটকে একসময় নিয়মিত কাজ করলেও সিনেমায় তাঁকে খুব একটা পাওয়া যায়নি। ওয়েব মাধ্যমেও সেরকম দেখা মেলেনি।

সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘বেঙ্গলি বিউটি’ সিনেমায়, যেখানে তাঁর অভিনয় প্রশংসিত হয়। নতুন কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। যেগুলোর চিত্রনাট্য যাচাই-বাছাই শেষে শিগগিরই নতুন সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bc1d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন