কুমিল্লায় ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক কিশোর গ্যাং নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রোববার (৩১ মে) সন্ধ্যায় নগরীর অশোকতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় অশোকতলা এলাকায় ওত পেতে থাকা একদল কিশোর গ্যাং সদস্য ওই ভিক্ষুকের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং সারাদিনের ভিক্ষায় পাওয়া ১৬০ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এরপর অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ‘টোকাই সামির’ নামে পরিচিত এক কিশোর গ্যাং নেতাকে শনাক্ত করা হয়। পরে প্রশাসনকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীতে সন্ত্রাস, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
