চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে আরও একটি লজ্জাজনক হারের পর পাকিস্তান ক্রিকেটে এখন আগ্নেয়গিরির বিস্ফোরণ চলছে। শোয়েব আখতারের পর এবার সরব হয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
দলের সিনিয়র তিন তারকা— বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং শাদাব খানকে দল থেকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার কড়া দাবি তুলেছেন তিনি। এর মধ্যে শাহিন আবার শহীদ আফ্রিদির মেয়ে জামাই।
তবে সেই সম্পর্কের কারণে কোনো ছাড় পাচ্ছেন না শাহিন। একটি পাকিস্তানি নিউজ শো-তে আলাপকালে আফ্রিদি ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘যদি আমাকে সিদ্ধান্ত নিতে বলা হয়, তবে আমি শাহিন, বাবর এবং শাদাব— এই তিনজনকেই বেঞ্চে বসিয়ে রাখব। তাদের বদলে নতুন ছেলেদের সুযোগ দেব।
তিনি আরও যোগ করেন, ‘আমরা কতদিন এই সিনিয়রদের ব্যর্থতা দেখব? বারবার তাদের সুযোগ দেওয়া হচ্ছে এই আশায় যে তারা ভারতের মতো বড় দলের বিপক্ষে পারফর্ম করবে। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হচ্ছে। যদি সিনিয়ররা দায়িত্ব নিতে না পারে, তবে বেঞ্চে বসে থাকা তরুণদের কেন খেলানো হবে না? হারের তো আর কোনো পার্থক্য হবে না।
শাহিন আফ্রিদি দলের প্রধান পেসার হয়েও ছিলেন সবচেয়ে খরুচে। মাত্র ২ ওভার বল করে তিনি ৩১ রান বিলিয়ে দেন, যা ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
ইশান কিশানের ৭৭ রানের বিধ্বংসী ইনিংসে ভারত ১৭৫ রান তোলে। জবাবে ভারতীয় বোলারদের তোপে পড়ে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এই জয়ের ফলে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারত এখন ৮-১ ব্যবধানে এগিয়ে গেল এবং নিশ্চিত করল সুপার এইট।
