শেষ ওয়ানডের আগে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটের সংবাদ সম্মেলন হয়ে গেল নাহিদময়। সাংবাদিকদের প্রশের জবাবে নাহিদকে আপাতত তার গতির উপর ভারসা রাখতে বলেছেন কোচ টেইট। তাকে টানা তিন ম্যাচ খেলানো হবে কি না, চোটে পড়ার ঝুঁকি আছে কি না, তার সঙ্গে কাজ করা কতটা উপভোগ্য—এসবের মধ্যে এল এই প্রশ্নটাও, নাহিদ কি আরও নতুন কোনো অস্ত্র যোগ করছেন তার ভান্ডারে?
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচের আগে নাহিদকে নিয়ে সতর্ক বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট, চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি।
টেইট বলেন, ‘আধুনিক ক্রিকেটে, বিশেষ করে টি-টুয়েন্টিতে ফাস্ট বোলারদের মধ্যে অনেক ধরনের বৈচিত্র্যময় বল করার একটা প্রবণতা দেখা যায়। নাহিদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, সে বুদ্ধিমান ছেলে। এই মুহূর্তে ব্যাপারটাকে খুব বেশি জটিল না করে আমি মনে করি, সে যেভাবে বল করছে এবং তার জন্য যা কাজে দিচ্ছে, সেটাই সবচেয়ে ভালো।’
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টানা জোরে বল করে গেছেন নাহিদ রানা। ১০ ওভারের স্পেলে তিনি মাত্র একটি বল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের কম গতিতে করেছেন। তার উইকেট নেওয়া বলগুলোতেও ছিল বৈচিত্র্য। পাঁচ উইকেটের গতি ঝরানো ইনিংসে তিনি তিনটি বাউন্সারে আর একটা উইকেট নিয়েছেন ইয়র্কারে।
উইকেট নেওয়া বলগুলোর কোনোটাই ১৪১ কিলোমিটারের কম গতিতে করেননি তিনি। টেইট চান, আপাতত নিজের গতিতেই ভরসা রাখুক নাহিদ। তিনি বলেন, ‘তার ভান্ডারে স্লোয়ার আছে, কিন্তু যদি প্রয়োজন না পড়ে, তাহলে সেটা ব্যবহার করার দরকার নেই। অন্যদের যেখানে বাধ্য হয়ে গতির পরিবর্তন করতে হয়, নাহিদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, তার বিধ্বংসী বাউন্সার আছে। অনেক বোলার, যারা ১৩০ কিমি গতিতে বল করেন, তাদের ও রকম বাউন্সার নেই, তাই স্লোয়ার বল ছাড়া তাদের উইকেট নেওয়ার সুযোগ কম থাকে।’
টেইট আরও যোগ করেন, ‘কিন্তু নাহিদ রানার ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো। বর্তমানে সে তার গতি আর বাউন্স ব্যবহার করে শর্ট বলে প্রচুর উইকেট পাচ্ছে। সে যথেষ্ট বুদ্ধিমান ছেলে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও নতুন কিছু শিখবে। তবে এই মুহূর্তে আমি চাই, সে বিষয়গুলোকে সহজ রাখুক এবং স্রেফ জোরে বল করে যাক।’
নাহিদের টানা জোরে বল করে যাওয়ার ক্ষমতায় মুগ্ধ হয়েছেন টেইটও। বাংলাদেশ ক্রিকেটের জন্য নাহিদকে ‘সম্পদ’ বলে মনে করেন তিনি। নাহিদকে নিয়ে তৈরি হওয়া রোমাঞ্চটাও টের পান টেইট। খেলোয়াড়ি জীবনে টেইট নিজেও জোরে বল করতেন। নাহিদকে দেখে কি পুরোনো দিনের স্মৃতিগুলোও মনে পড়ে অস্ট্রেলিয়ার সাবেক এ পেসারের? টেইটের উত্তর, ‘অনেক মিল আছে, কিন্তু কিছু পার্থক্যও আছে। সে খুব ফিট, আমি এতটা ছিলাম না। আরও ভারী শরীর ছিল, জোরে বল করা কঠিন ছিল। কিন্তু তাকে দেখে মনে হয়, কাজটা খুব সহজ, সে খুব ভালো অ্যাথলেট। খুবই পাতলা আর শক্তিশালী। আমার চেয়ে তার চোটে পড়ার ঝুঁকি কম।’
নাহিদকে দেখে অবশ্য কিংবদন্তি ওয়াকার ইউনিসের দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, ‘ফাস্ট বোলার আসবে, টপ অর্ডারে উইকেট নেবে, লেজের ব্যাটসম্যানদেরও ফিরিয়ে দেবে। আমি এটা পছন্দ করি ব্যক্তিগতভাবে।’
নিউজিল্যান্ড দলের মিডিয়া ম্যানেজার ক্যালাম কর্নয়ের বিস্ময় যেন কাটেই না! দিন দুয়েক আগে নাহিদ রানার বোলিং দেখে মুগ্ধ ক্যালাম আজ সকালে তাকে নিয়ে আলোচনার ফাঁকে বললেন, ‘ছেলেটা সত্যিকারের একটা প্রতিভা।’
