রাজশাহীতে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট, এমন ম্যাচ এমনিতেই ঐতিহাসিক। সেই ম্যাচেই দাপুটে জয়ের সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। কিন্তু শেষদিকে খেই হারিয়ে সহজ ম্যাচ জিতলো কঠিন বানিয়ে।
জয়ের জন্য ৩৬ বলে প্রয়োজন মাত্র ৭ রান, হাতে ৭ উইকেট। এখান থেকে যে কোনো দলই সহজেই জয় নিয়ে মাঠ ছাড়বে। কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দল এই সহজ কাজটাকেই করে তুললো অতি কঠিন! এরপর ২ রানের মধ্যে পড়লো ৪ উইকেট।
আচমকাই যেন সিঙ্গেল নেওয়াটাও সবচেয়ে কঠিন কাজ হয়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাটারের জন্য। যদিও শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
সফরকারীদের ২০৫ রান তাড়ায় ৪৮.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় জ্যোতি-নাহিদারা। একই মাঠে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
দলের ঐতিহাসিক এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রিতু মনি ও শারমিন আক্তার সুপ্তার। বল হাতে রিতু ৩৬ রানে ৩ উইকেট নেওয়ার পর রান তাড়ায় ৮৬ রানের ইনিংস খেলেন সুপ্তা।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৬৮ রান যোগ করেন হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। ১৪তম ওভারে ২৭ রান করা শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক পেরেরাকে আউট করে এই জুটি ভাঙেন রিতু। নিজের পরের ওভারে হার্শিতা সামারাবিক্রমার উইকেটও নেন রিতু। পরে তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন দুলানি ও হানসিমা করুনারত্নে। এই জুটি থামান সুলতানা খাতুন। ৫২ রান করে ফেরেন দুলানি।
৭১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন হানসিমা। শেষদিকে কাভিশা দিলহারি ৩০ ও কৌশিনি নুথিয়াঙ্গানার ব্যাট থেকে আসে ১৮ রান। রিতুর ৩ উইকেট ছাড়াও নাহিদা আক্তারের ঝুলিতে জমা পড়ে ২ উইকেট।
রান তাড়ায় শুরুতেই অভিষিক্ত ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতাকে হারায় বাংলাদেশ। তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। আর রানের খাতাই খুলতে পারেননি প্রায় সাড়ে ৬ বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামা শারমিন সুলতানা। অধিনায়ক জ্যোতি করেন ২৯ বলে ১৩।
শুরুর এই বিপদ সামাল দেন সুপ্তা ও সোবহানা মোস্তারি। দুজন মিলে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮৭ রান। পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয় মোস্তারিকে। তার ব্যাট থেকে আসে ৫৬ বলে ৪১ রান। এরপর সুপ্তা ও স্বর্ণার জুটিতে আসে ৭৮ রান। এরপরই নামে ধস।
৪৫তম ওভারে স্টাম্পড হয়ে যান ৮৬ রান করা সুপ্তা। পরের ওভারে একই পথ ধরেন ৩৫ রান করা স্বর্ণা। এরপর রিতু ও রাবেয়া খান দ্রুত ফিরে গেলে জাগে পরাজয়ের শঙ্কা। তবে সুলতানা খাতুনকে নিয়ে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন সহ-অধিনায়ক নাহিদা।
