ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর চট্টগ্রামে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। পেঁয়াজের এই দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রবিবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিয়ান চলাকালে মেসার্স বাছামিয়া সওদাগর দোকানে গিয়ে ভোক্তার কর্মকর্তারা দেখতে পান, দোকানে টাঙানো পণ্যের মূল্যতালিকায় পেঁয়াজ নেই লেখা রয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, পাইকারি দোকান থেকে সংগ্রহকৃত রশিদে দেখা গেছে, খাতুনগঞ্জের সৌমিক ট্রেডার্স, আবুল বশর অ্যান্ড সন্স, মেসার্স মোহাম্মদ ফরিদ উদ্দিন, মেসার্স জান্নাতুল মাওয়া এই আড়তগুলো থেকে কেজিপ্রতি ১৭৫ থেকে ১৯৮ টাকায় পাইকারি দোকানে পেঁয়াজ বিক্রি হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানিয়েছেন, বাজারে বিভিন্ন দোকানে জরিমানা করার পাশাপাশি মনিটরিং অব্যাহত থাকবে। এছাড়াও সরবরাহ কমার অজুহাতে যাতে ভোগ্যপণ্যের দাম বাড়াতে না পরে সেই বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে।
