কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে মোবাইল মেরামতের বকেয়া টাকা পরিশোধ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে হামিদ উল্লাহ (১৯) নামের এক মোবাইল মেকানিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এসময় অভিযুক্ত বন্ধু সায়েম (২০) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
নিহত হামিদ জালালাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ লরাবাক এলাকার আবুল কালামের ছেলে। তিনি পেশায় মোবাইল মেকানিক ছিলেন। আটক সায়েম একই এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে।
জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, নিহত হামিদ পেশায় মোবাইল মেকানিক ছিলেন। কয়েকদিন আগে একই এলাকার ছিদ্দিকের ছেলে সায়েমের মোবাইল ঠিক করে দেয় হামিদ। মঙ্গলবার ওইদিনের বকেয়া টাকা চাইলে দুজনের মাঝে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে সায়েমের মা ও বোন এসে হামিদের উপর চড়াও হয়। এর ফাঁকে হামিদকে পেটে ছুরিকাঘাত করে সায়েম। হামিদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান জনি আরও বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া করে অভিযুক্ত সায়েমকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিসহ সন্দেহ ভাজন আরও দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ও অভিযুক্ত দুজনই বন্ধু ছিল বলে জানতে পেরেছি। প্রাথমিক ভাবে মোবাইল মেরামতের বকেয়া টাকা নিয়ে বিতণ্ডায় হত্যার ঘটনা ঘটেছে বলে প্রচার পেলেও অন্যকোনো কারণ আছে কি না তা উদঘাটনে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
