নাসিম রুমি: ২০২৩ সালের বিতর্কিত ও ব্লকবাস্টার হিন্দি সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ পরিচালনার জন্য বিশেষভাবে পরিচিত পরিচালক সুদীপ্ত সেন। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জন্মগ্রহণকারী এ পরিচালক তথ্যচিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে তার কাজের জন্য বিশেষভাবে পরিচিত।
তার তৈরি ‘দ্য কেরালা স্টোরি’ কেন্দ্র করে একটা সময়ে তৈরি হয়েছিল বহু বিতর্ক। বিভিন্ন জায়গায় ব্যান হয়ে যাওয়া থেকে সেন্সরে চলা কাঁচি। এহেন বিতর্কের সঙ্গে উঠে এসেছে পরিচালক সুদীপ্ত সেনের নাম।
এ সিনেমা পরিচালনার সময়ে নানাবিধ অভিজ্ঞতা হয়েছিল সুদীপ্ত সেনের, যা তিনি তার কর্মজীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগাতে চান। তার মধ্যে অন্যতম হচ্ছে, তারকাদের সঙ্গে কাজ করায় আপত্তি। বলি বাদশাহ শাহরুখ খান কিংবা খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গে আর কাজ করবেন না বলে আগেই ঠিক করেছেন সুদীপ্ত সেন।
কারণ তিনি মনে করেন, তারকাদের নিয়ে কাজ করলে পরিচালকদের স্বাধীনতা নষ্ট হয়ে যায়। তাদের অনেক মতামত শুনতে বাধ্য হতে হয়। এমনকি ‘দ্য কেরালা স্টোরি’ বানানোর সময়ে সুদীপ্ত নাকি ঠিক করে নিয়েছিলেন কোনো বড় তারকাকে তিনি নেবেন না।
পরিচালক বলেন, আমি নিজের প্রতি বিশ্বাস রাখা একজন মানুষ। কিন্তু অতিরিক্ত বিশ্বাসী নই। নিজের গল্প নিয়ে কাজ করতেই ভালোবাসি। কোনো বড় তারকা থাকলে যে কোনো সিনেমার ক্ষেত্রে এক্সট্রা চাপ থাকে বলেও মনে করেন তিনি। শুধু তাই নয়, দায়িত্বও থাকে অনেক বেশি, যা অনেক ক্ষেত্রে সামলানো কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া সিনেমা সুপারহিট হলে শুধু তারকা দিয়েই বিচার হয়। পরিচালকের আর কেউ থাকে না। তখন সেটা ওই সিনেমার তারকার হয়ে ওঠে। তিনি অন্য কারও ওপর ভরসা করে জীবন চালাতে পছন্দ করেন না। নিজের দৃষ্টিভঙ্গি নিয়েই তিনি সিনেমা করতে চান বরাবর বলে জানান এ নির্মাতা।
