পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে, সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ বুধবার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকারের গৃহীত বহুমুখী পদক্ষেপ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। এর ফলে যাত্রীরা যানজট ছাড়াই স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারবেন।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ঈদের ছুটিতে যাতে ঘরমুখো মানুষ ভোগান্তির শিকার না হন এবং রোজাদারদের সড়কে ইফতার করতে না হয়, সে জন্য সার্বক্ষণিকভাবে মহাসড়ক পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ছুটি শুরু হওয়ায়, আজ থেকে প্রায় ৪০ লাখ অতিরিক্ত মানুষ এই মহাসড়ক ব্যবহার করবে বলেও তিনি জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তি যেন না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
এখন পর্যন্ত মহাসড়কের কোথাও যানজট সৃষ্টি হয়নি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
যান চলাচল সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি তদারকি করছেন। দলীয় নেতা-কর্মীরাও সড়কে থেকে পুলিশকে সহায়তা করছেন।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়লেও, এবার আগাম প্রস্তুতি ও সার্বক্ষণিক তদারকির ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
