টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। প্রিয় সহকর্মীকে হারিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শাহেদ শরীফ খান। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন-এই শিল্পমাধ্যমে শিল্পীদের প্রকৃত সম্মান আদৌ কতটা নিশ্চিত?
শাহেদ তার দীর্ঘ স্ট্যাটাসে জানান, সহকর্মীর মৃত্যুসংবাদ তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি তার নিজের মঞ্চনাটকের শুরুর দিনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। বলেন, অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই এই অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু পথচলায় নানা বাধা, দলাদলি ও অব্যবস্থাপনার মুখোমুখি হতে হয়েছে।
তার অভিযোগ, পূর্বসূরি অনেক শিল্পী নিজেদের অবস্থান শক্ত করলেও পরবর্তী প্রজন্মের জন্য তেমন কোনো জায়গা তৈরি করেননি। “তারা নিজেদের চেয়ারের কথা ভেবেছেন, কিন্তু অন্যদের জন্য জায়গা করে দেননি”- এমন মন্তব্য করেন তিনি।
শিল্পীদের ঐক্যের অভাবের বিষয়টিও তুলে ধরেন শাহেদ। তার ভাষায়, ন্যায্য পারিশ্রমিক ও সম্মান আদায়ে শিল্পীদের একসঙ্গে দাঁড়ানোর সংস্কৃতি তৈরি হয়নি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে নাটক ও শিল্পের মূল্য কমে গেছে, যা শিল্পীদের জন্য হতাশাজনক।
তিনি আরও বলেন, “একজন সহকর্মীর মৃত্যু শুধু একজন মানুষকে হারানো নয়, এটি আমাদের পুরো শিল্পজগতের নীরব ব্যর্থতার প্রতিচ্ছবি।” একই সঙ্গে তপনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সহকর্মীদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’র ফেসবুক পেজে তারিকুজ্জামান তপনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সংগঠনটির পক্ষ থেকে শোক প্রকাশ করে বলা হয়, “আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন তার ছেলে তাছফিক।
পরিবার সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে তার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে, যা পরে চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়। এরই মধ্যে তিন দফা কেমোথেরাপিও দেওয়া হয়েছিল তাকে।
দীর্ঘ কর্মজীবনে তারিকুজ্জামান তপন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। বিশেষ করে কৌতুক চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ অসংখ্য নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি।
তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা স্মরণ করছেন তার অবদান, পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে শিল্পীদের সম্মান ও প্রাপ্যতার প্রশ্নও।
