অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে টেলিভিশন বিক্রির অভিযোগে প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা করেছেন বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকা।
মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী, গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সাল থেকে স্যামসাং তাদের টেলিভিশনের কার্ডবোর্ড প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি ব্যবহার করে আসছিল। অথচ এ বিষয়ে গায়িকাকে আগে থেকে কিছু জানানো হয়নি এবং তাঁর কোনো অনুমতিও নেওয়া হয়নি।
মামলার নথিতে বলা হয়েছে, ডুয়া লিপার জনপ্রিয়তা ও বৈশ্বিক ব্র্যান্ডমূল্যকে কাজে লাগিয়ে নিজেদের পণ্যের বাজার সম্প্রসারণের চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।
গায়িকার আইনজীবীদের ভাষ্য, ‘ডুয়া লিপার মুখ ব্যবহার করে একটি ভোক্তা পণ্যের বিশাল প্রচারণা চালানো হয়েছে, অথচ এতে তাঁর কোনো সম্মতি বা মতামত ছিল না।’
মামলার কাগজপত্রে আরও উল্লেখ করা হয়েছে, ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত আয়োজন অস্টিন সিটি লিমিট ফেস্টিভ্যালের ব্যাকস্টেজে তোলা হয়েছিল। ছবিটির কপিরাইটও নিজের বলে দাবি করেছেন ডুয়া লিপা।
এদিকে মামলার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি মন্তব্যও যুক্ত করা হয়েছে। সেখানে দেখা যায়, অনেক ব্যবহারকারী সত্যিই মনে করেছিলেন ডুয়া লিপা হয়তো ওই টিভি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি আসলে টিভি কিনতে চাইনি। কিন্তু বক্সে ডুয়া লিপার ছবি দেখে কিনে ফেলেছি।’
আরেকজন মন্তব্য করেন, ‘শুধু ডুয়া লিপার ছবি আছে বলেই আমি ওই টিভি কিনতে পারি। আমি এতটাই তাঁর ভক্ত।’
আরেকটি পোস্টে লেখা হয়েছিল, ‘কিছু বিক্রি করতে চাইলে শুধু ডুয়া লিপার ছবি লাগিয়ে দিন।’
এসব মন্তব্যকেই মামলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। গায়িকার পক্ষের দাবি, এই প্রচারণা সরাসরি ভোক্তাদের কেনার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
মামলায় আরো বলা হয়েছে, ডুয়া লিপা দীর্ঘদিন ধরে নিজেকে একটি ‘প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ফ্যাশন, কসমেটিকস কিংবা প্রযুক্তি— যেকোনো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি নিজে যাচাই-বাছাই করেন। তাই অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহার করা তাঁর ব্র্যান্ড ইমেজের জন্য ক্ষতিকর বলেও দাবি করা হয়েছে।
