৩ কোটি পেরিয়ে, সর্বোচ্চ শো নিয়ে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’

- Advertisements -

নাসিম রুমি: ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম সপ্তাহে তুলনামূলক কম শো পেয়েও প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হয় সিনেমাটি। দর্শক আগ্রহের জেরে দ্বিতীয় সপ্তাহে একাধিক প্রেক্ষাগৃহে সর্বোচ্চ শো নিয়ে চলছে এটি।

মুক্তির মাত্র ১১ দিনের মাথায় ৩ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে তারকাবহুল এই সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

প্রাপ্ত তথ্যানুযায়ী, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে ‘বনলতা এক্সপ্রেস’ এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ টাকা।

এর মধ্যে স্টার সিনেপ্লেক্স থেকে আয় ২ কোটি ৪৬ লাখ টাকা, ব্লকবাস্টার সিনেমাস থেকে ৪২ লাখ ৩৩ হাজার টাকা, লায়ন সিনেমাস থেকে ১২ লাখ ২৯ হাজার টাকা এবং কে-স্ক্রিন থেকে আয় ৫ লাখ ৫৮ হাজার টাকা।

পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি তা সত্যিই অভাবনীয়। দর্শকরা বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে দল বেঁধে সিনেমাটি দেখতে আসছেন। এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।’

জানা গেছে, দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২৮টি শো চলছে। বৃহস্পতিবার সেখানে শোর সংখ্যা বেড়ে ৩৩টিতে পৌঁছায়। লায়ন সিনেমাসে ২টি এবং ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শোতে প্রদর্শিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’।

তবে দর্শকদের একটি অংশ টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। অনেকেই টিকিট না পাওয়ায় অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন। একইসঙ্গে শোর সংখ্যা বাড়ানোর দাবি তুলছেন তারা।

উল্লেখ্য, একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে ‘বনলতা এক্সপ্রেস’-এ। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/60j7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন