পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিনে ভোটকেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি বরেণ্য অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
বুধবার (২৯ এপ্রিল) সকালে কলকাতার স্থানীয় চারুচন্দ্র কলেজ কেন্দ্রে ভোট দিতে যান তিনি। তবে ইভিএমে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট না দিয়েই সাময়িকভাবে ফিরে যেতে হয় তাঁকে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভোটকেন্দ্রের ইভিএম খারাপ হয়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়। পরে যান্ত্রিক জটিলতা সমাধান হলে আবার গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন চিরঞ্জিৎ।
ভোটকেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোট দেওয়া তো আমার দায়িত্ব। আমার কর্তব্যের মধ্যে পড়ে। দেশ তো আমাকে উদ্ধার করতে হবে।
রাজনীতিতেও সক্রিয় চিরঞ্জিৎ ২০১১ সালে ‘পরিবর্তন’-এর সময় বারাসত কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। এরপর একই আসন থেকে টানা তিনবার জয় পান তিনি।
তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি নিজেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানান, এবার আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না।
