নাসিম রুমি: নতুন একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। বাস্তবজীবনের এই দম্পতিকে একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে। এটি নির্মাণ করেছেন পরিচালক হিরু খান।
সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, এই বিজ্ঞাপনচিত্রে অনন্ত-বর্ষার বাস্তব জীবনের গল্পকে তুলে ধরা হয়েছে। এতে ব্যক্তিগত সম্পর্কের নানা দিকের পাশাপাশি জনপ্রিয় জুটি হিসেবে তাদের রসায়নও ভিজ্যুয়ালভাবে উপস্থাপন করা হবে।
নতুন এই বিজ্ঞাপন প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘অনেকদিন পর ভালো একটি কাজ করলাম। নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি ভালো করার জন্য। প্রচারে এলে দর্শকেরও ভালো লাগবে।’
অভিনেতার স্ত্রী অভিনেত্রী বর্ষা বলেন, ‘খুবই ভালো একটি টিমের সঙ্গে কাজ করলাম। কস্টিউম, লাইট, ক্যামেরা, মেকআপ- সবকিছুতেই নির্মাতা যত্ন নিয়েছেন। আমাদের লাইফটাই এখানে তুলে ধরা হয়েছে।’
বিজ্ঞাপনচিত্রটিতে অনন্ত-বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ ও ফয়সাল।
জানা গেছে, বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হবে।
