ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ দেশজুড়ে ভোটারদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর আবহ। সাধারণ ভোটারদের পাশাপাশি অংশ নেন সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখরাও।
বৃহস্পতিবার দুপুরে গুলশান মডেল হাইস্কুল ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন ঢালিউডের তিন বোন, বরেণ্য অভিনেত্রী-সুচন্দা, ববিতা ও চম্পা। একসঙ্গে কেন্দ্রে উপস্থিত হয়ে গাড়ি থেকে নামার সময় তাঁদের হাস্যোজ্জ্বল উপস্থিতি আকর্ষণ করে সবার দৃষ্টি। ছবি তোলার মুহূর্তে ছিল প্রাণবন্ত উচ্ছ্বাস।
তাদের আগমনে কেন্দ্রের পরিবেশে যোগ হয় বাড়তি প্রাণচাঞ্চল্য। ভোট শেষে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এই তিন তারকা।
এর আগে, এক সাক্ষাৎকারে নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা তুলে ধরে ববিতা বলেছিলেন, “দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে উঠুক। শিল্পীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শিল্পচর্চা করতে পারেন-এটাই আমাদের কামনা।”
গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার প্রত্যাশাই পুনর্ব্যক্ত করেছেন ঢালিউডের এই তিন প্রখ্যাত অভিনেত্রী।
