নাসিম রুমি: বলিউড ইন্ডাস্ট্রির বাদশাহ শাহরুখ, ভাইজান সালমান ও মিস্টার পারফেকশনিস্ট আমির খান— এই তিন খানের সঙ্গে কখনো কাজ করা হয়নি আলোচিত অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। অথচ ‘আশিকি ২’ দিয়ে জনপ্রিয়তা পাওয়ার পর ‘হায়দার’, ‘এক ভিলেন’, ‘বাঘি’, ‘স্ত্রী’সহ অনেক আলোচিত সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অভিনেত্রী। তবে এবার সেই অপূর্ণতা ঘুচতে চলেছে শ্রদ্ধা কাপুরের। এবার নতুন সিনেমায় মিস্টার পারফেকশনিস্টের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে চলেছেন তিনি।
সম্প্রতি একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, আলোচিত ভারতীয় ব্যবসায়ী অশনির গ্রোভারের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে বায়োপিক। সেই বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আমির খান। সেখানে অশনির গ্রোভারের জীবনের উত্থান-পতন, ব্যবসায়িক লড়াই এবং তার রাফ অ্যান্ড টাফ ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতেই আমিরকে বেছে নেওয়া হয়েছে।
এ সিনেমায় আমির খানের সঙ্গে জুটি হয়ে কাজ করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। অশনির গ্রোভারের স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। অশনির গ্রোভারের ব্যবসায়িক ও ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ স্ত্রী মাধুরী জৈন। এ দম্পতির একসঙ্গে শূন্য থেকে শীর্ষে পৌঁছানো এবং কঠিন সময়ে পরস্পরের পাশে থাকার মানবিক গল্প হতে চলেছে এ বায়োপিকটি।
অশনির গ্রোভারের ব্যবসায়িক সাফল্যের জয়গাথা শুধু নয়, বরং তার জীবনের বিতর্কিত অধ্যায় আর ব্যক্তিগত সংগ্রামের গল্পও উঠে আসবে এ সিনেমায়।
মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আর শ্রদ্ধা কাপুরের মধ্যে বয়সের ব্যবধান ২২ বছর। তাই তাদের জুটি হওয়ার খবরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ সমালোচনাও করছেন। তবে নির্মাতা মনে করেন, বয়সের ব্যবধান থাকলেও পর্দায় এ দুজনকে চমৎকার মানাবে। প্রধান দুই চরিত্রে জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরার জন্য প্রোস্থেটিক মেকআপ ও প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। যদিও এ বায়োপিকটির নাম এখনো ঠিক হয়নি। তবে চলতি বছরই শুটিং শুরু হবে।
ব্যবসায়ী অশনির বায়োপিকটি পরিচালনা করবেন শ্রদ্ধার চর্চিত প্রেমিক রাহুল মোদি। যে কিনা ‘সোনু কে টিটু কি সুইটি’সহ বেশ কিছু হিট সিনেমার চিত্রনাট্য লিখেছেন। প্রায় তিন বছর হলো অশনির গ্রোভারের এ বায়োপিকের চিত্রনাট্য লিখছেন রাহুল মোদি। শুরু থেকেই অনুমান করে আসছেন মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে শ্রদ্ধাই অভিনয় করবেন। সেভাবেই চিত্রনাট্য লেখা হচ্ছে, প্রতিটি ধাপের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছেন তিনি।
