দোকানে ঢুকে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে রইলো বন্য প্রাণী

- Advertisements -

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মদের দোকানে কর্মীরা কাজে এসে একটি দৃশ্য দেখে হতবাক হয়ে যান। তারা দেখতে পান, একটি বন্য র‌্যাকুন দোকানে ঢুকে মদ পান করে মাতাল অবস্থায় পড়ে আছে।

দোকান কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহের শুরুতে এ ঘটনা ঘটে। র‌্যাকুনটিকে বাথরুম ও ডাস্টবিনের মাঝখানে পড়ে থাকতে দেখা যায়। নীচের তাক থেকে নিজের মতো করে কয়েকটি বোতল খুলে মদ পান করেছিল প্রাণীটি।

ঘটনার পর হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশন অ্যান্ড শেল্টারের কর্মকর্তা সামান্থা মার্টিন উপস্থিত হয়ে র‌্যাকুনটিকে উদ্ধার করে নিয়ে যান। তবে নিয়ে যাওয়ার আগেই হুঁশে ফেরার জন্য প্রাণীটিকে কিছুটা সময় দেওয়া হয়।

Advertisements

কয়েক ঘণ্টার ঘুমের পর দেখা যায়, প্রাণীটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কিন্তু হালকা হ্যাংওভার অর্থাৎ মাতলামি ভাব ছিল। হুশ ফিরে স্বাভাবিক হওয়ার পর সেটিকে নিরাপদে আবার বনে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, থ্যাংকসগিভিং উপলক্ষে অ্যাশল্যান্ড এ-বি-সি নামে দোকানটি বন্ধ ছিল। আর সেই সুযোগেই ঘটে যায় তাদের কথিত ‘ব্ল্যাক ফ্রাইডে ব্রেক-ইন’। শনিবার (২৯ নভেম্বর) কর্মীরা এসে দেখেন, ভাঙা বোতল ছড়িয়ে রয়েছে সর্বত্র, মেঝেতে গড়িয়ে পড়েছে তরল মদ, আর র‌্যাকুনের পছন্দের পানীয় হিসেবে স্কচের স্পষ্ট প্রমাণ মেলে।

অফিসার মার্টিন জানান, র‌্যাকুনটি ছাদের একটি টাইল ভেঙে নিচে পড়ে ও তারপর পুরোদস্তুর তাণ্ডব চালিয়ে যা পায় তাই গিলতে শুরু করে।

ঘটনার মাত্র একটি ঝাপসা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তাই বাথরুমে অচেতন হওয়ার আগে র‌্যাকুনটি ঠিক কতটা মদ পান করেছিল, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

Advertisements

একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দোকানটি হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশন অ্যান্ড শেল্টারকে ধন্যবাদ জানিয়েছে তাদের পেশাদার সহায়তা ও অচেতন অতিথিটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার জন্য।

এ ঘটনায় অফিসার মার্টিন হাসতে হাসতে বলেন, এ তো একজন অ্যানিমাল কন্ট্রোল অফিসারের জীবনের আরেকটা সাধারণ দিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/suj2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন