ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, দলে নিজের মূল্য ও অবদানকে যদি বারবার প্রমাণ করতে বলা হয়, তবে তিনি ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলবেন না।
ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত কোহলি ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। এছাড়া গত বছরের চ্যাম্পিয়নস ট্রফি জয়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান ইতিমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে এখনো ভারতের একদিনের আন্তর্জাতিক দলে খেলছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের পডকাস্টে কথা বলতে গিয়ে তিনি বলেন, যদি কোনো পরিবেশে মনে হয় তিনি অবদান রাখতে পারছেন, তাহলে তিনি সেখানেই থাকবেন এবং নিজের সেরাটা দেবেন।
তিনি আরও বলেন, মাঠে নামলে তিনি সর্বোচ্চ পরিশ্রম করেন এবং দলের জন্য নিজেকে পুরোপুরি উজাড় করে দেন। ৫০ ওভারের ম্যাচে তিনি প্রতিটি বলকে শেষ বল ভেবে ফিল্ডিং, দৌড়ানো ও ব্যাটিং করেন বলেও উল্লেখ করেন।
কোহলির মতে, যদি এমন পরিশ্রমের পরও তাকে বারবার নিজের যোগ্যতা প্রমাণ করতে বলা হয়, তবে সেই জায়গা তার জন্য উপযুক্ত নয়।
তিনি বলেন, কর্মক্ষেত্রে যদি প্রথমে কারও ওপর আস্থা রাখা হয়, পরে আবার সেই আস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়, তাহলে সেটি অযৌক্তিক। কেউ যদি শুরুতেই মনে করে তিনি যথেষ্ট নন, তবে তা পরিষ্কারভাবে জানানো উচিত।
ওয়ানডে ক্রিকেটে কোহলি ৩১১টি ম্যাচে ১৪ হাজার ৭৯৭ রান করেছেন, যেখানে তার গড় ৫৮ দশমিক ৭১। লক্ষ্য তাড়া করার সময় তার গড় আরও বেড়ে দাঁড়ায় ৬৫ দশমিক ৭৮।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপকে কেন্দ্র করে আলোচনার মাঝেই কোহলি এই মন্তব্য করেন।
