যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ড্রোনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় ‘ন্যাশনাল গার্ড’ মোতায়েনের জোরালো দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেসের দুই প্রভাবশালী সদস্য।
রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাককল এবং ইলাইজা ক্রেন ট্রাম্প প্রশাসনের কাছে এই আবেদন জানিয়ে বলেছেন, ১১টি আয়োজক শহরের আকাশসীমা সুরক্ষিত রাখতে এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
শুক্রবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথের কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানানো হয়।
কংগ্রেস সদস্যরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, আয়োজক শহর এবং ইভেন্ট আয়োজকদের মধ্যে সমন্বয়ের অভাব ও জনবল সংকট নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করতে পারে।
চিঠিতে তারা উল্লেখ করেন, ‘ন্যাশনাল গার্ড তাদের দ্রুত মোতায়েন হওয়ার সক্ষমতা এবং দেশজুড়ে জরুরি অবস্থা মোকাবিলায় অভিজ্ঞতার কারণে ড্রোনের মতো আধুনিক প্রযুক্তিগত হুমকি রুখতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
