নাসিম রুমি: জনপ্রিয় তারকা আরিফিন শুভ’র অভিনীত রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘জ্যাজ সিটি’ বলিউডে মুক্তি পাচ্ছে আগামী ১৯ মার্চ।
আসন্ন ঈদকে সামনে রেখে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ ইতোমধ্যে সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করেছে। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবার প্রথমবারের মতো বাংলা ভাষায়ও কোনো সিরিজ প্রকাশ করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।
‘জ্যাজ সিটি’ পরিচালনা করেছেন সৌমিক সেন। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র জিমি রয় হিসেবে দেখা যাবে আরিফিন শুভকে, যাকে ঘিরে আবর্তিত হয়েছে পুরো গল্প।
প্রকাশিত ফার্স্ট লুকে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে—কখনো পরিপাটি স্যুটে, কখনো নৃত্যে মগ্ন এক রেট্রো ব্যক্তিত্ব হিসেবে। সত্তরের দশকের আবহ ফুটিয়ে তুলতে চুল ও পোশাকেও রাখা হয়েছে বিশেষ স্টাইল।
নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এটি এমন এক গল্প যেখানে সংলাপের পাশাপাশি সঙ্গীতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুভূতি, পরিস্থিতি ও সময়ের টানাপোড়েন প্রকাশ পায় সঙ্গীত, নীরবতা ও সংলাপের সমন্বয়ে।’
টিজার থেকে জানা গেছে, গল্পটি নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে। সিরিজটিতে শুভর বিপরীতে রয়েছেন সৌরসেনী মিত্র।
