পশ্চিমবঙ্গের মাটিতে প্রথমবারের মতো বিজেপি সরকারের শপথ নেওয়ার দিনে কলকাতায় এক ভিন্নধর্মী দৃশ্যের অবতারণা হলো। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৮ বছর বয়সী প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকার।
তিনি দলের একেবারে শুরুর দিন থেকে বাংলার মাটিতে সংগঠন গড়ার কাজ করে গেছেন নীরবে। সেই মানুষটিকে দেখামাত্র এগিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—জড়িয়ে ধরলেন, তারপর ঝুঁকে পড়লেন পায়ের কাছে। শিলিগুড়ির এই নিভৃতচারী প্রবীণ নেতার আশীর্বাদ নেওয়ার সেই মুহূর্ত অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত দৃশ্যে পরিণত হয়।
এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মোদি লেখেন, ‘আজ পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার শপথ নেওয়ার এই ঐতিহাসিক মুহূর্তে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি এবং জাতির প্রতি, বিশেষত পশ্চিমবঙ্গের প্রতি তার চিরস্থায়ী অবদানের কথা স্মরণ করা আমাদের সকলের জন্য স্বাভাবিক। তার স্বপ্ন পূরণে কোনো প্রচেষ্টার কমতি রাখা হবে না।’
মাখনলাল সরকার প্রসঙ্গে মোদি জানান, কলকাতার শপথ অনুষ্ঠানে শ্রী মাখনলাল সরকারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে তার। একজন নিষ্ঠাবান জাতীয়তাবাদী হিসেবে সরকার ড. মুখার্জির সঙ্গে কাজ করেছেন এবং তাঁর সফরসঙ্গী হিসেবে জম্মু ও কাশ্মীরে গিয়ে গ্রেপ্তারও হয়েছিলেন।
মোদি আরও জানান, মাখনলাল সরকার তার গোটা জীবন বিজেপির জন্য উৎসর্গ করেছেন এবং বাংলা জুড়ে দলের ভিত্তি সম্প্রসারণে অবদান রেখেছেন।
‘মানুষের মাঝে কাজ করে দলকে শক্তিশালী করা এমন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব আমাদের দলে আছেন বলে আমরা বিজেপিতে গর্বিত’—বলেন প্রধানমন্ত্রী মোদি।
