টিভি নাটকের জনপ্রিয় মুখ ফারুক আহমেদ। সম্প্রতি এই অভিনেতা আলোচনায় এসেছেন তার ফেসবুক নিয়ে। অভিনেতা জানান, প্রায় ৬ লাখ ফলোয়ারের একটি ফেসবুক পেজ বন্ধ হয়ে যাওয়ার পেছনে তারই পরিচিত কিছু মানুষের ভূমিকা রয়েছে।
ফারুক আহমেদ দাবি করেন, প্রায় দেড় বছর আগে একটি অভিযোগের ভিত্তিতে তার ফেসবুক পেজ (প্রায় ৬ লাখ অনুসারী) এবং ব্যক্তিগত আইডি (প্রায় ৩ লাখ অনুসারী) হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। বিষয়টি তাকে গভীরভাবে বিস্মিত করেছিল বলে জানান তিনি।
অভিনেতার ভাষায়, ‘আমার পরিচিত লোকই মিথ্যা অভিযোগ করে আমার পেজ ও আইডি বন্ধ করে দিয়েছে। যিনি ছিলেন আমার খুব কাছের একজন।’
তিনি জানান, পরবর্তীতে তিনি জানতে পারেন কারা এই অভিযোগের পেছনে ছিল, তবে বিষয়টি নিয়ে কখনোই সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি।
ফারুক আহমেদ বলেন, ‘মানুষকে চেনা আসলে কঠিন। আমার কাছের মানুষই শত্রু-এটা আমি বুঝেছি।’
তার মতে, ব্যক্তিগত বিশ্বাস ও সম্পর্ক নিয়েই সবচেয়ে বড় আঘাত পেয়েছেন তিনি।
পেজ বন্ধ হয়ে যাওয়ার পর নতুন করে ফেসবুকে ফিরে আসেন এই অভিনেতা। বর্তমানে তার নতুন প্রোফাইলে অল্প সময়েই যুক্ত হয়েছেন প্রায় আড়াই লাখ অনুসারী।
তিনি জানান, ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য সামাজিক মাধ্যম এখন খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
তার কথায়, ‘পেজটি আর ফেরত না পাওয়ায় নতুন আইডি খুলেছি। কয়েক মাসের মধ্যেই ভালো সাড়া পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি।’
এছাড়া এখনো তার নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন ফারুক আহমেদ। এ বিষয়ে ভক্তদের সতর্ক করে আসল আইডির সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান তিনি।
