ইবোলা ভাইরাসের সংক্রমণজনিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) ফুটবল দলকে আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য দেশে প্রবেশের অনুমতি দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি ইবোলার প্রাদুর্ভাবের কারণে গত ২১ দিনের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান ভ্রমণ করেছেন এমন অ-মার্কিন নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ফুটবল বিশ্বকাপের মতো মহোৎসবের কথা বিবেচনা করে কঙ্গো জাতীয় দলের জন্য এই নিয়মে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কঙ্গো দল যাতে নির্বিঘ্নে বিশ্বকাপে অংশ নিতে পারে তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। তিনি আরও উল্লেখ করেন, ইবোলা কবলিত তিনটি দেশের মধ্যে কেবল কঙ্গোই বিশ্ব ফুটবলের এই মর্যাদাপূর্ণ আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাছাড়া দলটি ইতিমধ্যে ইউরোপে অবস্থান করে অনুশীলন চালাচ্ছে, যার ফলে ২১ দিনের নিয়মটি হয়তো তাদের ওপর এমনিতেও প্রযোজ্য হতো না। তবে খেলোয়াড়রা যদি সাম্প্রতিক সময়ে নিজ দেশে অবস্থান করে থাকেন, তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তাদের সাধারণ মার্কিন নাগরিকদের মতোই কঠোর স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে।
প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, কঙ্গোর ফুটবল দল এই বিশেষ ছাড় পেলেও সাধারণ ফুটবলপ্রেমী বা দর্শকদের জন্য এই নিয়ম শিথিল করা হবে না। অর্থাৎ, খেলা দেখার জন্য কঙ্গো থেকে আসা সাধারণ সমর্থকরা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন না। আগামী ১১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। এই টুর্নামেন্টে আগামী ১৭ জুন টেক্সাসে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ডিআর কঙ্গো।
