English

33 C
Dhaka
শুক্রবার, মার্চ ৬, ২০২৬
- Advertisement -

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন: প্রধানমন্ত্রী

- Advertisements -
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেও বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকেবিদ্যুৎব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে আসেন। তিনি অফিসে এসে নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ অফ করে দেন এবং এসির বিদ্যুৎ প্রবাহ ২৫ দশমিক ১ মাত্রায় নিয়ে আসেন। এই মাত্রা নিলে বিদ্যুৎ খরচ কম হয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে বলেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর। এই দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে। অতিরিক্ত প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগের পরে তার দপ্তরের সব কক্ষে তাত্ক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়। প্রধানমন্ত্রী সচিবালয়ের সকল মন্ত্রণালয়, সারা দেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপণী বিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি লাইট কম ব্যবহার করে দিনের বেলা অফিস বা বাড়ি-ঘরের জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্যও সকলকে পরামর্শ দেন।

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণকেন্দ্র খোলার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণকেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন। গতকাল সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, বৈঠকে বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। তিনি দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে দেশের ভাষা শিক্ষাকেন্দ্র খুলতে বলেছেন। যাতে বেকার যুবক-যুবতীরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পায়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে কীভাবে বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টি করা যায় এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে যেতে না হয়, সেজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজীকরণ করার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন।

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই

অতিরিক্তি প্রেস সচিব জানান, ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ও সিলেটে এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অন্যান্য উন্নত দেশের বিমান বন্দরের মতো ফ্রি ওয়াইফাই চালু করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ঢাকা-১৭ আসনে ভঙ্গুর মন্দির সংস্কার

প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনি আসনে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বলেও জানান অতিরিক্তি প্রেস সচিব। তিনি জানান, নির্বাচনের প্রচারণার সময়ে ঢাকা-১৭ আসনে মহাখালী ক্যানসার হাসপাতালের কাছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির রয়েছে, তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই মন্দিরের সংস্কারকাজ আগামী শনিবার শুরু করতে বলেছেন তিনি।

আগামী শনিবার সকাল ১১টায় ঢাকার দুই সিটির প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার এতে উপস্থিত থাকবেন।

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী আগামী ১০ মার্চ সকাল ১০টায় রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একই সময়ে দেশের আরো ১৪টি স্থানে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mi9a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন