সাবেক পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ও ১৯৯২ বিশ্বকাপজয়ী নায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, কারাগারে থাকা অবস্থায় তার ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে।
৭৩ বছর বয়সী ইমরান বর্তমানে একাধিক মামলায় দণ্ড ভোগ করছেন। তার আইনজীবী দলের দাবি, গুরুতর চক্ষু সমস্যার কারণে তিনি কার্যত দৃষ্টিশক্তির বড় অংশ হারিয়েছেন এবং যথাযথ চিকিৎসা না পাওয়াকেই তারা দায়ী করছেন।
পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম সামাজিক মাধ্যমে এক বার্তায় কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি লেখেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খানের অসুস্থতার খবর অত্যন্ত হৃদয়বিদারক। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবে। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
আরেক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস রাজনীতি পাশে সরিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি স্মরণ করিয়ে দেন, ইমরানই পাকিস্তানকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন এবং একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন।
ওয়াকার লেখেন, ‘রাজনীতি বাদ দিয়ে বলছি, আমাদের জাতীয় নায়ক, যিনি দেশকে সর্বোচ্চ ক্রীড়া গৌরব এনে দিয়েছেন এবং ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, তিনি এখন স্বাস্থ্য সংকটে। যথাযথ ও সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করা হোক।’
সাবেক তারকা শহীদ আফ্রিদি ও শোয়েব আখতারও চিকিৎসা পাওয়াকে মৌলিক অধিকার উল্লেখ করে দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। তারা ইমরানের সুস্থতা ও কল্যাণ কামনা করেন।
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত ইমরান খান পাকিস্তানের হয়ে ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে ৩০০০-এর বেশি রান ও ৩০০-এর বেশি উইকেট নেওয়া মাত্র আটজন ক্রিকেটারের একজন তিনি।
