সামাজিক ও সচেতনতামূলক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) দাগনভূঞা উপজেলা শাখা কমিটির নবায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ নিসচার কেন্দ্রীয় প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবায়ন অনুমোদনপত্র তুলে দেওয়া হয় দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের হাতে।
নবায়ন অনুমোদনপত্র তুলে দেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ। এসময় উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নিসচা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা তৈরিতে নিরাপদ সড়ক চাই দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের বিভিন্ন অঞ্চলে নিসচার কার্যক্রম সাধারণ মানুষের মাঝে নিরাপদ সড়ক বিষয়ে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করেছে। দাগনভূঞা উপজেলা শাখাও স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে।
নবায়ন কার্যক্রম শেষে নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে প্রকাশিত একটি বিশেষ সুভেনিয়রের মোড়ক উন্মোচন করা হয়। সুভেনিয়রের মোড়ক উন্মোচন করেন নিসচার কেন্দ্রীয় মহাসচিব লিটন এরশাদ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ সুভেনিয়র প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রকাশনা সংগঠনের কার্যক্রম, সচেতনতামূলক বার্তা এবং সামাজিক উদ্যোগগুলো মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে দাগনভূঞা উপজেলা শাখার নেতৃবৃন্দ নিরাপদ সড়ক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করেন।
