ছয় দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সফরে তিনি এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।
গতকাল বুধবার দিবাগত রাত ২টায় মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন- পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ’ আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণ করবেন জামায়াত সেক্রেটারি। সেখানে তিনি ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ : অগ্রযাত্রার পথ’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য রাখবেন।
আঞ্চলিক এই সম্মেলনে যোগদান ও সফর শেষে আগামী ২০ মে সকালে মিয়া গোলাম পরওয়ার দেশে ফিরবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
