ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘কোনো ইঞ্জিনিয়ারিং ফলাফল মানা হবে না।’
আজ বৃহস্পতিবার দুপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এখন ১২টা ২৫ মিনিট। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্ত এবং ভালো আছে। তবে ভোটারের টার্ন আউট কম। আরও বেশি হওয়া উচিত ছিলো।’
এদিকে এই কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন তার কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেয়া হয় নাই, ৩ ঘণ্টা পরে ঢুকেছে।
এই অভিযোগের প্রেক্ষিতে মির্জা আব্বাস বলেছেন, ‘ওদের বেসিক্যালি পোলিং এজেন্টই ছিলো না, নাই। অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট দিতেই পারে নাই ওরা। আর যদি ঢুকতে না পেরে থাকে, এটা তো আমার দোষ না।’
জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমি ১০০ ভাগ আশাবাদী।’
তিনি যোগ করেন, ‘কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল মানা হবে না। ইঞ্জিনিয়ারিং যদি হয়, মানা হবে না। আমি ভোট কারচুপির, ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা, বরাবরই আশঙ্কা করছি, এখনও করছি।’
