নাসিম রুমি: নব্বই দশকের বলিউড মানেই একদিকে যেমন শাহরুখ-কাজলের রোমান্স, করণ জোহরের মিষ্টি প্রেমের ছবি, অন্যদিকে তেমনই ছিল আবু সালেম বা ছোটা শাকিলের মতো ভয়ংকর ডনদের রক্তচক্ষু। রক্ত পানি করা সব হুমকির পসরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ ধাওয়ান জানিয়েছেন, তাঁর বাবা ডেভিড ধাওয়ানের কাছে যখন এসব হুমকির উড়ো ফোন আসত, তখন বাড়ির কর্মীরা বুঝতেই পারেননি সেটা কতটা সিরিয়াস। তারা উল্টো ডনদেরই গালিগালাজ করে বাগানে এসে মারপিট করার চ্যালেঞ্জ জানাতেন।
কিন্তু যখন খবর এলো, আততায়ীরা বাড়ির ঠিকানা এবং অফিস টাইম জেনে ফেলেছে, তখন প্রাণভয়ে রাতারাতি বাড়ি ছাড়তে হয়েছিল গোটা ধাওয়ান পরিবারকে। ১৯৯৮ সালে যখন করণ জোহরের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তি পেতে চলেছে, তখনই তার বাড়িতে আসে সেই ভয়ংকর ফোন। করণের মা হিরু জোহর ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে আসে আবু সালেমের গলা। ডন সরাসরি হুমকি দেয়, ‘তোমার ছেলে লাল টি-শার্ট পরে আছে, আমি ওকে দেখতে পাচ্ছি।
শুক্রবার ছবি রিলিজ করলেই ওকে গুলি করব। ’ আতঙ্কে কাঁপতে থাকা করণের পাশে তখন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন শাহরুখ খান। করণ তাঁর আত্মজীবনীতে লিখেছেন, শাহরুখ তাঁকে ঘর থেকে টেনে বার করে এনে বলেছিলেন, ‘আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, দেখি কে তোকে গুলি করে। আমি পাঠান, আমার কিছু হবে না আর তোরও কিছু হতে দেব না।
