ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে দেশজুড়ে। এই ভোটে উৎসবের আমেজ যোগ দিতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে রাজধানীর রাজপথে আভিজাত্য আর ঐতিহ্যের প্রতীক হিসেবে টহল দিচ্ছে ডিএমপির ‘মাউন্টেড পুলিশ’ বা অশ্বারোহী দল।
জানা গেছে, ডিএমপির মাউন্টেড পুলিশের পক্ষ থেকে বিশেষ এই টহলের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে চারটি পৃথক টিম ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে প্রদক্ষিণ করছে। বিশেষ করে ধানমন্ডি ও এর আশপাশের এলাকাগুলোতে এই অশ্বারোহী দলের উপস্থিতি সাধারণ মানুষের নজর কাড়ছে।
সরেজমিন দেখা যায়, সুসজ্জিত ঘোড়ায় চড়ে পুলিশ সদস্যরা যখন রাজপথ দিয়ে যাচ্ছেন, তখন পথচারীরা থমকে দাঁড়াচ্ছেন। ঘোড়াগুলোকে লাল ও হলুদ রঙের কাপড়ে সাজানো হয়েছে। যাতে লেখা আছে, নিরাপদে ভোট দিন, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার। পুলিশ সদস্যদের পরনে রয়েছে বিশেষ নিরাপত্তা সরঞ্জাম ও হেলমেট। তাদের হাতে শোভা পাচ্ছে ডিএমপির পতাকা।
মাউন্টেড ইউনিটের এই কার্যক্রম সম্পর্কে জানা যায়, সাধারণ মানুষের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করা এবং পুলিশের উপস্থিতি জানান দিয়ে জনমনে আত্মবিশ্বাস বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। যান্ত্রিক শহরে এমন অশ্বারোহী পুলিশের টহল একদিকে যেমন আভিজাত্যের ছোঁয়া দিচ্ছে, অন্যদিকে উৎসবের সাথে নিরাপত্তার বার্তাও পৌঁছে দিচ্ছে।
