নাসিম রুমি: প্রথম সিনেমা ‘সাইয়ারা’ দিয়েই বাজিমাত করেছিলেন বলিউডের অভিনেতা আহান পাণ্ডে। বক্স অফিস কাঁপানো ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি। এবার প্রেমিক ইমেজ ভেঙে পর্দায় অ্যাকশন হিরো হিসেবে হাজির হচ্ছেন আহান।
‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত নির্মাতা আলি আব্বাস জাফরের নতুন সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আহান পাণ্ডে। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আহান পাণ্ডেকে এক ভিন্ন রূপে দেখা যাবে। সম্প্রতি সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে, যেখানে আহানের নতুন লুক দেখা যায়। নির্মাতা এই লুক প্রকাশের সঙ্গে লিখেছেন, এ তো মাত্র শুরু। জুলাই মাসে সিনেমাটির শুটিং শুরু হবে।
জানা গেছে, সিনেমাটিতে আহানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শর্বরী বাগ ও অ্যাশভরি ঠাকরে। যদিও সিনেমাটির নাম বা বিস্তারিত কাহিনী এখনও গোপন রাখা হয়েছে। এতে অ্যাকশন ও রোমান্সের এক দারুণ মিশেল থাকবে। তরুণ প্রতিভাকে সামনে রেখে বড় বাজেটে তৈরি এই সিনেমা নির্মাতার জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি আহানের ক্যারিয়ারের জন্যও বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
