গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আশিকুর রহমান বাবু প্রামাণিক নামে এক ট্রাক মালিকের মজুত করা ডিজেলে ডুবে তার ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরাফ প্রামাণিক (৩) নামে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু একজন ট্রাক মালিক। তিনি গাড়ির জন্য অর্ধকাটা ড্রামে ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করেন। এর মধ্যে মঙ্গলবার বিকেলের দিকে বাড়ির বারান্দায় খেলছিল তার ছেলে আরাফ। একপর্যায়ে ওই বারান্দায় রাখা কাটা প্লাস্টিকের ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি। এর কিছুক্ষণ পর টের পেয়ে শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন বুধবার ভোরে আরাফের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, ‘আজ সকালে শিশুটির লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্য দেখা দেয়।’
এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) স্বপন কুমার রায় বলেন, ‘একটি শিশুর তেলের ড্রামে পড়ে যাওয়ার ঘটনা শুনেছি। তার পর কি হয়েছে তা আর জানি না।’
