জুবায়ের ইসলাম চৌধুরী: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ ও বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে তারা টার্মিনাল এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় যাত্রীসেবা, যানজট নিরসন, টিকিট ব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ’র বরিশাল বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীন আহমেদসহ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম রোধে মাঠ প্রশাসন, পুলিশ, আনসার, র্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী এবং বিআরটিএ সার্বক্ষণিক তৎপর থাকবে।
পাশাপাশি বেপরোয়া গতি প্রতিরোধ ও যাত্রী হয়রানি বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তারা। চালক, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে এবারের ঈদযাত্রা আরও উৎসবমুখর ও স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
