ফরিদপুর শহরে রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আজ শনিবার দুপুর ১২টার দিকে শহরের আলীপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মো. তুফান (৩৫) শহরের আলীপুর এলাকার মুজিবরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তুফান শহরের বিভিন্ন এলাকায় রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতেন। বিশেষ করে নির্জন সড়ক ও সন্ধ্যার পর চলাচলকারী পথচারীরা ছিলেন তার লক্ষ্যবস্তু।
জানা গেছে, গতকাল শুক্রবার রাতে শ্রাবণ হাসান নামের একজনের কাছ থেকেও সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠে তুফানের বিরুদ্ধে। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। একইভাবে আজ ছিনতাইয়ের উদ্দেশে বের হলে স্থানীয় জনতার হাতে আটক হন তিনি। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও পথচারী জানান, তুফান প্রায়ই সিরিঞ্জে রক্ত ভরে মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখাতেন। এতে অনেকেই আতঙ্কিত হয়ে টাকা দিয়ে দিতেন। তুফানের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক সেবন ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘জনতার হাতে আটক তুফানকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
