ফুটবল আর সুরের মূর্ছনা এবার এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। ইতিহাসের প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ ফাইনালে যুক্ত হতে যাচ্ছে আমেরিকান ‘সুপার বোল’ ধাঁচের জমকালো হাফটাইম শো। আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা ইভেন্টের বিরতিতে পারফর্ম করবেন বিশ্বসংগীতের তিন মহারথী; পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, লাতিন সেনসেশন শাকিরা এবং বর্তমান বিশ্বের জনপ্রিয়তম কে-পপ ব্যান্ড বিটিএস।
বুধবার রাতে ফিফার পক্ষ থেকে এক নাটকীয় ও চমকপ্রদ ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
ফিফার প্রকাশিত সেই বিশেষ টিজারে দেখা যায় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন এবং শিশুদের প্রিয় চরিত্র এলমো মিলে বিশ্বকাপের এই প্রথম হাফটাইম শোর জন্য শিল্পী নির্বাচন করছেন। মজার এই ভিডিওতে আরও উপস্থিত ছিলেন মিস পিগি ও কেরমিট দ্য ফ্রগের মতো ‘মাপেটস’ তারকারা। মূলত এই ভিডিওর মাধ্যমেই নিশ্চিত করা হয় যে, ২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠ মাতাতে আসছেন এই তিন কিংবদন্তি। এই ঘোষণা আসার পরপরই বিশ্বজুড়ে ফুটবল এবং সংগীতপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে।
ফিফা জানিয়েছে, এই আয়োজন নিছক বিনোদনের জন্য নয়, বরং এর পেছনে রয়েছে একটি মহৎ সামাজিক উদ্দেশ্য। এই হাফটাইম শো থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন’ প্রকল্পে। বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ফুটবলের প্রসারে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি। গত বছর ক্লাব বিশ্বকাপে ডোজা ক্যাট ও জে বালভিনদের নিয়ে পরীক্ষামূলকভাবে এমন শো আয়োজন করা হলেও, এবারই প্রথম ফুটবল বিশ্বকাপের মূল আসরে এত বড় পরিসরে সংগীতের মহাতারকাদের দেখা যাবে।
