তিন আয়োজক দেশে আলাদা উদ্বোধনী আয়োজন বিশ্বকাপের

- Advertisements -

আসছে বিশ্বকাপে তিনটি আয়োজক দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে ফিফা। শুক্রবার এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে। উদ্বোধনী আয়োজনে গান পরিবেশন করবে গ্র্যামি জয়ী মেক্সিকান জনপ্রিয় সংগীতদল মানা। এছাড়া থাকছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডাও।

সংস্থাটি জানিয়েছে, মেক্সিকো সিটির অনুষ্ঠানটিতে দেশটির সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরা হবে। সেখানে আদিবাসী শিল্পীদের পাশাপাশি আধুনিক লোকজ পরিবেশনাও থাকবে।

Advertisements

১২ জুন টরন্টোয় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচের আগে আয়োজন করা হবে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে গান গাইবেন কানাডার জনপ্রিয় শিল্পী অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, আলেসিয়া কারা ও উইলিয়াম প্রিন্স। এছাড়া অংশ নেবেন লস অ্যাঞ্জেলসভিত্তিক বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।

কানাডার আয়োজনে বিশ্বকাপ ট্রফির মোজাইকধর্মী নতুন উপস্থাপনার মাধ্যমে দেশটির বৈচিত্র্য ও সামাজিক ঐক্য তুলে ধরা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা।

একই দিনে লস অ্যাঞ্জেলসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে হবে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন গায়িকা কেটি পেরি। পাশাপাশি পরিবেশন করবেন জনপ্রিয় র‌্যাপশিল্পী ফিউচার। আরও থাকছেন অনিতা, লিসা, রেমা ও টাইলা।

Advertisements

সংস্থাটির ভাষ্য, যুক্তরাষ্ট্রের আয়োজনটি এমনভাবে সাজানো হচ্ছে যাতে বিশ্বকাপের বিশালতা, উচ্চাকাঙ্ক্ষা ও সাংস্কৃতিক শক্তির প্রতিফলন ঘটে।

এবারের বিশ্বকাপ দ্বিতীয়বারের মতো একাধিক দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। সেবার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল দক্ষিণ কোরিয়ায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4mg4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন