নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ডান উরুর অ্যাডাক্টর পেশিতে গুরুতর চোট পেয়েছেন গেনাব্রি। পরে তিনি নিজেও ইনস্টাগ্রামে নিশ্চিত করেন যে ইনজুরির কারণে তার বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে।
৩০ বছর বয়সী এই বায়ার্ন মিউনিখ তারকা সম্প্রতি ক্লাবের হয়েও একটি ম্যাচ মিস করেছিলেন। ওই ম্যাচে জয়ের মাধ্যমে বায়ার্ন তাদের ১৩তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করে। ক্লাব আগেই জানিয়েছিল, গেনাব্রি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে পারেন।
এই চোটের কারণে তিনি চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোও খেলতে পারবেন না। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে দুই লেগ এবং ডিএফবি পোকাল সেমিফাইনালও।
গেনাব্রি বলেন, গত কয়েক দিন তার জন্য মানসিকভাবে খুব কঠিন ছিল এবং জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার আশা আর পূরণ হচ্ছে না। তবে তিনি দূর থেকেই জার্মান দলকে সমর্থন দেবেন।
এই মৌসুমে ভালো ফর্মে থাকা এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন। জার্মানির হয়ে এখন পর্যন্ত ৫৯ ম্যাচে তার গোল সংখ্যা ২৬। ২০২২ বিশ্বকাপে তিনি গ্রুপ পর্বের সব ম্যাচে খেলেছিলেন এবং ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।