বিশ্বকাপের আগে ব্রাজিলের পক্ষে অদ্ভুত এক ‘ভবিষ্যদ্বাণী’ এল রিও ডি জেনেইরো থেকে। কোনো সাবেক ফুটবলার, বিশ্লেষক বা কোচ নন। এবারের আসরে ব্রাজিলের জয়ের ইঙ্গিত দিয়েছে রিওর অ্যাকুয়ারিয়ামের এক হাঙর।
রিও ডি জেনেইরোর ‘অ্যাকুয়ারিও’ অ্যাকুয়ারিয়ামে থাকা স্ত্রী হাঙর রিতিনহা ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে সেলেসাওদের জয় দেখেছে। বুধবার অ্যাকুয়ারিয়ামে আয়োজিত এক উন্মুক্ত অনুষ্ঠানে এই ‘ভবিষ্যদ্বাণী’ করা হয়।
অনুষ্ঠানে রিতিনহার সামনে রাখা হয় দুটি ক্যান। একটিতে লেখা ছিল ব্রাজিল, অন্যটিতে মরক্কো।
উপস্থিত দর্শকদের কৌতূহলের মধ্যে রিতিনহা বেছে নেয় ব্রাজিল লেখা ক্যানটি। সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
বড় টুর্নামেন্টের আগে প্রাণীর এমন ভবিষ্যদ্বাণী ফুটবল বিশ্বে নতুন নয়। বিশ্বকাপ কিংবা ইউরোর মতো আসরে এ ধরনের আয়োজন প্রায়ই সমর্থকদের বিনোদনের অংশ হয়ে ওঠে। ম্যাচের ফলাফলের সঙ্গে এর কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই, তবে সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করতে এমন আয়োজন বেশ জনপ্রিয়।
ব্রাজিলিয়ান সমর্থকদের জন্যও রিতিনহার এই পছন্দ বিশ্বকাপ শুরুর আগে এনে দিয়েছে মজার এক আশাবাদ। ফুটবলপাগল দেশটিতে বিশ্বকাপ মানেই আলাদা আবেগ। তার ওপর আসরের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মরক্কো; যারা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।
বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবারও শিরোপার দাবিদারদের একটি। অন্যদিকে মরক্কোও গত কয়েক বছরে বড় মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাই ব্রাজিল-মরক্কো ম্যাচ ঘিরে আগ্রহ এমনিতেই বেশি।
রিতিনহার ‘ভবিষ্যদ্বাণী’ অবশ্য শেষ পর্যন্ত কতটা মিলে যায়, তার উত্তর মিলবে মাঠে। তবে বিশ্বকাপ অভিযান শুরুর আগে ব্রাজিল সমর্থকদের জন্য রিওর এই হাঙর অন্তত আনন্দের উপলক্ষ এনে দিয়েছে।
