ফাঁকা দাঁত, যা ডেন্টাল ভাষায় ডায়াস্টেমা নামে পরিচিত। দাঁতের মাঝখানে তৈরি হওয়া এই ফাঁকা অংশ, যা মুখের যেকোনো জায়গায় দেখা দিতে পারে—তবে সবচেয়ে বেশি দেখা যায় সামনের দুই দাঁতের মাঝে। অনেকেই এটিকে সৌন্দর্যের অংশ বা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করে। এদিকে চিকিৎসকদের মতে এটি জিনগত কারণ বা কিছু অভ্যাসের ফলেও হতে পারে; যা কিছু ক্ষেত্রে ভবিষ্যতে দাঁতের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।
কেন দাঁত ফাঁকা হয়?
বেশিরভাগ ক্ষেত্রেই ফাঁকা দাঁত বংশগতভাবে হতে পারে। এ ছাড়া শৈশবে আঙুল চোষার অভ্যাস বা চিবানো ও গেলার সময় জিহ্বা সামনের দাঁতের দিকে চাপ দেওয়ার কারণেও এই সমস্যা তৈরি হতে পারে। নিয়মিত এভাবে জিহ্বার চাপ পড়লে ধীরে ধীরে দাঁতের মাঝে ফাঁক তৈরি হয়।
আরেকটি কারণ হলো, কারও দাঁত যদি চোয়ালের তুলনায় ছোট হয়, তাহলে অতিরিক্ত জায়গা থেকে ফাঁক তৈরি হতে পারে। পাশাপাশি উপরের ঠোঁট ও মাড়ির মাঝের টিস্যু অস্বাভাবিক বড় হলেও দাঁত ফাঁকা হতে পারে।
অন্যান্য কারণ ও সতর্কতা
মাড়ির গুরুতর রোগবা অতিরিক্ত দাঁত থাকলেও দাঁতের স্বাভাবিক অবস্থান বাধাগ্রস্ত হয়ে ফাঁক তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে দাঁতের ফাঁক মুখের দুর্বল স্বাস্থ্যবিধির ইঙ্গিতও দিতে পারে। নিয়মিত ব্রাশ বা ফ্লস না করলে মাড়িতে প্রদাহ হয়, যা ধীরে ধীরে দাঁতকে আলাদা করে দিতে পারে এবং ফাঁকা বাড়িয়ে দেয়। যদি মাড়ি লাল হয়ে যাওয়া, ফোলা, ব্যথা বা ব্রাশ করার সময় রক্তপাত দেখা যায়, তাহলে তা জিঞ্জিভাইটিস নামক সংক্রমণের লক্ষণ হতে পারে।
