ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। শুধু তাই নয়, দলে তার জায়গা পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এ মাসের শেষে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে শুরু হতে যাওয়া সিরিজের আগে এই ঘোষণা এলো।
জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড, নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্ট যৌথভাবে টি-টোয়েন্টি দলের জন্য নতুন নেতৃত্ব গঠনের পরিকল্পনা করছে। এ বিষয়ে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও আলোচনা হয়েছে।
বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সূর্যকুমারের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতলেও তার সাম্প্রতিক ফর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় নতুন অধিনায়কের দিকে ঝুঁকছে বোর্ড। তাদের মতে, এখন পরিবর্তনের সময় এসেছে।
তিনি আরো জানান, আসন্ন সিরিজের জন্য সূর্যকুমারকে দলে বিবেচনা করা হবে না এবং খুব শিগগিরই তাকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
মূলত ব্যাট হাতে দীর্ঘদিনের ব্যর্থতাই তার বিপক্ষে গেছে। গত দুই বছর ধরেই ধারাবাহিক রান পাচ্ছিলেন না সূর্যকুমার। ২০২৬ আইপিএলেও ছিল হতাশাজনক পারফরম্যান্স। ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করেন তিনি, যেখানে তার গড় ছিল ২০.৭৬। মৌসুমের শেষ দিকে একটি অর্ধশতক পেলেও সামগ্রিকভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।
রোহিত শর্মা ২০২৪ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর ভারতের নেতৃত্ব পান সূর্যকুমার। তার নেতৃত্বে ভারত ২০২৬ সালের মার্চে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে সমালোচনা থামেনি।
বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমার বলেছিলেন, ‘অধিনায়ক হওয়ার পর থেকে নিজের পারফরম্যান্স নিয়ে খুব বেশি ভাবিনি। দলের ১৪ জন ক্রিকেটারকে দেখভাল করাও আমার দায়িত্ব ছিল। দল জিতছিল, তাই বিশ্বাস ছিল আমি সঠিক পথেই আছি। আমার রানও একসময় আসবে।’
তবে শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী অধিনায়ককেও রক্ষা করতে পারল না তার ব্যাটিং পারফরম্যান্স। ফলে ভারতের টি-টোয়েন্টি দলে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।
