দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সোশ্যাল সাবজেক্ট’ ক্যাটাগরিতে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হয়েছে নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। গেল ১৯ মে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত উৎসবের ১৫তম এই আসর সিনেমাটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার প্রীতি রহমান।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসে অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশের সমকালীন চলচ্চিত্রচর্চার জন্য এটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গত এক দশকে বাংলাদেশের তরুণ নির্মাতারা কান, বুসান, টরন্টো ও রটারডামের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজেদের স্বতন্ত্র নির্মাণভাষা ও গল্প বলার ধরনে নজর কাড়ছেন- ‘মানুষের বাগান’র অর্জন যেন সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন।
মানুষের ভেতরের একাকীত্ব, সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বিভাজন ও মানসিক ভাঙনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মানুষের বাগান’। ভিন্ন সামাজিক শ্রেণির মানুষের জীবন ও তাদের অদৃশ্য সংকটকে কাব্যিক ভঙ্গিতে তুলে ধরেছেন নির্মাতা আতিক।
সিনেমাতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ প্রামাণিক, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন ও অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।
