আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ নারী ফুটবল। চূড়ান্ত পর্বে খেলার জন্য দল চূড়ান্ত করেছেন কোচ পিটার জেমস বাটলার। ৩৮ জনের দল চূড়ান্ত করেছে। এর মধ্যে ২৬ ফুটবলার। বাদবাকি কোচ, কোচিং স্টাফ এবং অন্যান্য। দল এখনো ঘোষণা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দল চূড়ান্ত করার কথা উঠে এসেছে। কারা রয়েছেন সেটিও সবাই জেনে গেছেন।
সাফ ফুটসালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর ধারণা করা হয়েছিল ফুটসাল দলের একাধিক ফুটবলার এশিয়া কাপে ডাক পেতে পারেন। কিন্তু সেদিকে নজর দেননি কোচ বাটলার। অথচ সুইডেন প্রবাসী নারী ফুটবলার আনিকা সিদ্দিকী কয়েক দিনের ফিটনেস ট্রেনিংয়ের পর তাকে চূড়ান্ত কলে ফেলেছেন কোচ। বাফুফের সূত্র ধরে তার নামটি গতকাল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতে দেখা গেছে।
আনিকা এক বছর ধরে প্রতিযোগিতামূলক ফুটবলে ছিলেন না বলে বাফুফের একজন সভাপতি দাবি করেছিলেন। ঢাকায় নারী ফুটবল লিগ চলাকালীন আনিকা কোচ পিটার বাটলারের সঙ্গে দেখা করেছেন এবং কোচ তাকে ফিটনেস ট্রেনিংয়ে আমন্ত্রণ জানান। কয়েক দিন ট্রেনিংও করেছেন। তার পর তিনি ফিরে যান সুইডেন। অথচ এই কোচ সাবিনা, মাসুরা, কৃষ্ণাদেরকে ফিটনেস ট্রেনিংয়েও ডাকেননি। ফিটনেস ট্রেনিং করেই অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য ফুটবল দল চূড়ান্ত করে ফেলেছেন কোচ।
জাতীয় দলে নতুন মুখ আনিকার সঙ্গে রয়েছেন সৌরভী আফরিন এবং আলপি আক্তার। গ্রুপ পর্বে ৩ মার্চ সিডনিতে বাংলাদেশের প্রথম খেলা চীনের বিপক্ষে, ৬ মার্চ সিডনিতে দ্বিতীয় খেলা উত্তর কোরিয়ার বিপক্ষে এবং ৯ মার্চ পার্থে গ্রুপের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে।
খেলোয়াড়রা হলেন: তিন গোলরক্ষক মিলি আক্তার, রুপনা চাকমা, স্বর্ণা রানী মন্ডল। ঋতুপর্ণা চাকমা তহুরা খাতুন, আফঈদা খন্দকার, মনিকা চাকমা কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, নবিরন খাতুন, শিউলি আজিম, আনিকা রানিয়া সিদ্দিকি (সুইডেন), শামসুন্নাহার জুনিয়র, সুলতানা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সুরভী আক্তার আফরিন, স্বপ্না রাণী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার রিপা, উমহেলা মারমা, উন্নতি খাতুন, আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতি, সাগরিকা। পিটার জেমস বাটলার (কোচ), খালিদ মাহমুদ নওমী (ম্যানেজার), মাহবুবুর রহমান লিটু ও মাহমুদা আক্তার (সহকারী কোচ), মাসুদ আহমেদ (গোলকিপিং কোচ), ফাতেমা নেওয়াজ (ডাক্তার), কাজী নুসরাত এদিব লুনা (সিকিউরিটি অফিসার), জাকিয়া রহমান (ফিজিও থেরাপিস্ট), ক্যামেরুন নিকোলাস লর্ড (স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ), সাঈদ হাসান (মিডিয়া ম্যানেজার), ইমরান হাসান ইমন (ভিডিও এনালিস্ট), রাশিদুল হোসেন (কিটম্যান)।
